Image description

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ করতে এবং ঢাকার প্রধান নৌ-টার্মিনাল সদরঘাটের ওপর অতিরিক্ত যাত্রীচাপ কমাতে আজ রোববার (২৪ মে) থেকে বসিলা ও শিমুলিয়া লঞ্চঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস শুরু হয়েছে। শনিবার বিকেলে সদরঘাট ও বসিলা লঞ্চঘাট পরিদর্শন শেষে নৌপরিবহণ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এই নতুন রুটে যাত্রা শুরুর ঘোষণা দেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার নৌপথের যাত্রীদের জন্য নিরাপদ, আধুনিক ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে বদ্ধপরিকর। এবার ঈদযাত্রায় সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কম মূল্যে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। হকার বা বুকিং সহকারীদের মাধ্যমে যেন কেউ প্রতারিত না হয়, সেজন্য প্রতিটি লঞ্চে ডিজিটাল ভাড়া তালিকা প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।’

যাত্রীসেবায় নতুনত্ব আনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, ঈদের আগে ও পরে মোট ১০ দিন (আগে ৫ দিন ও পরে ৫ দিন) যাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে কুলি ও ট্রলি সেবা পাবেন। প্রবীণ, অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য থাকছে ক্যাডেটদের পরিচালিত ফ্রি হুইলচেয়ার সেবা।

নিরাপত্তার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মাঝনদীতে নৌকা বা ট্রলারের মাধ্যমে ঝুঁকিপূর্ণভাবে লঞ্চে ওঠানামা বন্ধে নৌপুলিশ ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। এছাড়া পন্টুনে ওঠার সুবিধার জন্য বিশেষ ‘স্টেপ পন্টুন’ স্থাপন করা হয়েছে।

টার্মিনালের শৃঙ্খলা রক্ষায় আধুনিক ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল রুমের মাধ্যমে বোর্ডিং ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যাত্রীসেবায় কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত ভাড়া আদায় বা অবহেলা ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য একটি সুশৃঙ্খল ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করা।’

লঞ্চ ঘাট পরিদর্শনকালে নৌপরিবহণ মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/আরআই