ফুটবল বিশ্বে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো গত দুই দশক ধরে দাপট দেখালেও, অনেকের হৃদয়ে এখনো জাদুকরী ফুটবলার হিসেবে জায়গা করে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। আর্সেনালের সাবেক সুইস ডিফেন্ডার ফেলিপে সেনদেরোস মনে করেন, প্রতিভার বিচারে রোনালদিনহো ছিলেন এক অনন্য ‘শিল্পী’, যার তুলনা শুধু তিনি নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেনদেরোস এসি মিলানে রোনালদিনহোর সাথে কাটানো দিনগুলোর স্মৃতিচারণ করেন। ২০০৮ সালে বার্সেলোনা ছেড়ে যখন রোনালদিনহো সান সিরোতে যোগ দেন, তখন সেনদেরোস তাঁর সতীর্থ ছিলেন। ডেভিড বেকহ্যাম, আন্দ্রেয়া পিরলো ও পাওলো মালদিনির মতো মহাতারকাদের ভিড়েও রোনালদিনহো কীভাবে আলাদা হয়ে উঠতেন, তা তুলে ধরেন এই ডিফেন্ডার।
রোনালদিনহো কি মেসির চেয়েও বেশি টেকনিক্যাল ছিলেন? এমন প্রশ্নের জবাবে সেনদেরোস বলেন, "মেসি বা অন্য কারও সঙ্গে তুলনা করা কঠিন। তবে নিশ্চিতভাবেই রোনালদিনহো আমার দেখা সবচেয়ে প্রতিভাবান ফুটবলারদের একজন, হয়তো বা ইতিহাসের সবচেয়ে প্রতিভাবান।"
তিনি আরও যোগ করেন, "প্রতিদিন অনুশীলনে সে যা করত, তা ছিল অবিশ্বাস্য। আন্দ্রেয়া পিরলো যেখানেই চাইতেন বল রাখতে পারতেন, কিন্তু রোনালদিনহো ছিলেন একেবারেই একজন শিল্পী। তাঁকে মাঠে ফুটবল নিয়ে কারিকুরি করতে দেখা ছিল দারুণ এক অভিজ্ঞতা।"
মিলানের সেই সোনালী সময়ের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে সেনদেরোস বলেন, "কার্লো আনচেলত্তি ছিলেন দুর্দান্ত কোচ। তিনি বড় বড় সব মহাতারকাদের এক সুতোয় বেঁধে সবার সেরাটা বের করে আনতে পারতেন। মিলান শুধু একটি ক্লাব ছিল না, ছিল একটি পরিবার। প্রথম দিন ক্লাবে গিয়ে যখন দেখলাম সতীর্থরা বিদায় নিচ্ছে আর বাকিরা কাঁদছে, তখনই বুঝেছিলাম এই দলের বন্ধন কতটা গভীর।"
রোনালদিনহোর ক্যারিয়ারে বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও ব্যালন ডি’অর জয়ের মতো অসামান্য সব অর্জন রয়েছে। ২০১৫ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানালেও এখনো লেজেন্ডস ম্যাচগুলোতে তাঁর ড্রিবলিং আর পায়ের জাদু দর্শকদের মুগ্ধ করে।
সেনদেরোসের মতে, রোনালদিনহোর মতো বিনোদনদাতা ফুটবলার ইতিহাসে খুব কমই এসেছেন, যিনি মুহূর্তের জাদুতে পুরো গ্যালারিকে স্তব্ধ করে দিতে পারতেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments