আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে এবং মহাসড়কের যানজট নিয়ন্ত্রণে সারা দেশে ২৩টি বিশেষ টিম মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৬ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়ক, যানজটপ্রবণ এলাকা এবং বড় বড় টোলপ্লাজায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ঢাকা ও আশপাশের এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাইপাইল ও নবীনগর এলাকায় ৪টি টিম; পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে টোলপ্লাজা এলাকায় ৬টি টিম এবং মেঘনা সেতু, কাঞ্চন সেতু ও মদনপুর মোড় এলাকায় ৪টি টিম মোতায়েন করা হয়েছে।
এছাড়া গাজীপুর চৌরাস্তা, যমুনা সেতুর দুই প্রান্ত, চট্টগ্রামের শাহ আমানত কর্ণফুলী সেতু, খুলনার রূপসা সেতু, কিশোরগঞ্জের ভৈরব সেতু, লালন শাহ সেতু এবং নাটোরের গুরুদাসপুর আত্রাই টোলপ্লাজা এলাকায় বিজিবির বিশেষ টিমগুলো কাজ করছে।
বিজিবি জানায়, গত ২১ মে থেকে তারা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছে। জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঈদের পরবর্তী তিন দিন পর্যন্ত বিজিবির এই বিশেষ কার্যক্রম অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/আরআই




Comments