Image description

ফিফা বিশ্বকাপ-২০২৬ শুরু হতে আর বাকি সপ্তাহ দুয়েক। তবে ইরান নিজেদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে খেলবে কি না, এ নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত ফিফার প্রতিশ্রুতির পর ইরান ফুটবল ফেডারেশন মার্কিন মুলুকেই দল পাঠাতে রাজি হয়েছে। 

সূচি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুসনে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প হওয়ার কথা ইরান দলের। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে এবার মার্কিন কর্তৃপক্ষই বেঁকে বসেছে। তারা ইরান দলকে আতিথ্য দিতে রাজি হয়নি।

তাই ইরানিদের অনুশীলন ক্যাম্প বিশ্বকাপের আরেক আয়োজক দেশ মেক্সিকোয় সরিয়ে নেওয়া হয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান। 

শেইনবাউমের দাবি, যুক্তরাষ্ট্র ইরান দলকে নিজেদের দেশে রাখতে অনিচ্ছুক হওয়ায় ফিফা মেক্সিকোর দ্বারস্থ হয়েছে, ‘যুক্তরাষ্ট্র চায় না ইরান দল সেখানে থাকুক।

অথচ তাদের তিনটি ম্যাচই সেখানে অনুষ্ঠিত হবে। ফিফা আমাদের কাছে জানতে চেয়েছে ইরান কি মেক্সিকোতে রাত্রিযাপন করতে পারবে? আমরা বলেছি, কোনো সমস্যা নেই। আমাদের কোনো আপত্তি নেই।’

মেক্সিকোয় ইরানকে আতিথ্য দিতে রাজি হওয়ায় দেশটির তিহুয়ানা শহরের সেন্ত্রো জোলোইৎসকুইন্তলে হবে ইরানের বিশ্বকাপ ক্যাম্প।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে এবারের বিশ্বকাপ।

গ্রুপ পর্বে ইরানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড (২১ জুন), বেলজিয়াম (২১ জুন) ও মিসর (২৬ জুন)। দলটির প্রথম দুটি ম্যাচ লস অ্যাঞ্জেলেসে, শেষটি সিয়াটলে।