ইসলামী ব্যাংক দখলের উদ্দেশ্যে জামায়াত-ই-ইসলামীর কর্মীরা সাধারণ গ্রাহকের ছদ্মবেশে ব্যাংকের সামনে ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে দাবি করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।
তারেক রহমান অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের ওপর বিভিন্ন সময় আর্থিক চাপ সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, “জামায়াত আমিরের গাড়ি কেনা থেকে শুরু করে দলীয় নেতা সাদিক কাইয়ুমদের নির্বাচনী ব্যয় মেটাতেও ব্যাংক কর্মকর্তাদের চাঁদা দিতে বাধ্য করা হয়েছে। এমনকি গ্রাম পর্যায়ে জামায়াতের অফিসের ফ্যান কিংবা কর্মীদের জন্য বাইক কিনতেও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ওপর চাপ প্রয়োগ করা হয়।”
ভিডিওতে তিনি আরও দাবি করেন, জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের উপস্থিতিতে একটি সভায় ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের ব্যবহার করে নির্বাচন ম্যানিপুলেট বা প্রভাবিত করার বিষয়ে আলোচনা হয়েছিল। এছাড়া, মিজানুর রহমান আজহারীদের মতো বক্তাদের নিয়ে আয়োজিত মাহফিলগুলোতে ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে দুই থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করার অভিযোগও তোলেন তিনি।
সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংক থেকে গণহারে কর্মকর্তা ছাঁটাইয়ের সমালোচনা করে তারেক রহমান বলেন, “জামায়াত বলছে আওয়ামী লীগ সম্পৃক্ততার কারণে চট্টগ্রামের লোকদের বাদ দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে ভোলা, টাঙ্গাইল, বরিশাল, দিনাজপুরসহ বিভিন্ন অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের বাদ দেওয়া হয়েছে। এমনকি এই তালিকায় একজন প্রতিবন্ধীও রয়েছেন। আওয়ামী লীগ করলে কি তারা ভাত খাবে না? তাদের কর্ম কেড়ে নিতে হবে কেন?”
আমজনতার দলের এই নেতা মনে করেন, জামায়াত আমিরের বিলাসিতা, কর্মীদের বাইক এবং সংগঠনের শাখা অফিসগুলোর খরচ মেটানোর জন্যই ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ তাদের খুব প্রয়োজন। আর এই নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যেই জামায়াতকর্মীরা এখন সাধারণ গ্রাহকের সাজে ব্যাংকের সামনে জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
মানবকণ্ঠ/আরআই




Comments