রবের দরবারে গুনাহগারের আকুতি, ওমর ফারুক আসাদের হৃদয়স্পর্শী নাশিদ ‘বোকা মন’
ডাকছে কবর নিত্য শতবার তোমাকে, কোন সে মোহে ধরছো আঁকড়ে এই দুনিয়াকে...— জীবনের রূঢ় বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে এক গাফেল হৃদয়ের অনুতাপ আর আল্লাহর রহমত পাওয়ার এমনই এক ব্যাকুলতা নিয়ে প্রকাশ পেল নতুন নাশিদ ‘বোকা মন’।
সুরের মূর্ছনায় মহান রবের দরবারে এক গুনাহগার বান্দার অনুতাপ ও ক্ষমা পাওয়ার আকুতি নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় শিল্পী ওমর ফারুক আসাদের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে মুক্তি পায় সুরালোক স্টুডিওর ব্যানারে নির্মিত এই গজলটি। নাশিদটির গভীর কথামালা সাজানোর পাশাপাশি এর হৃদয়স্পর্শী সুরও করেছেন শিল্পী নিজেই। দুনিয়ার মিছে মোহ ভুলে আখেরাত ও কবরের প্রস্তুতি নেওয়ার এক অনন্য আহ্বান ফুটে উঠেছে এই গজলে।
দীর্ঘদিনের বিরতি ভেঙে সৃষ্টিশীলতায় ফেরা এই শিল্পী জানান, জাগতিক ব্যস্ততার মাঝে আত্মার প্রশান্তি এবং মহান রবের প্রতি গভীর ভালোবাসা থেকেই এই আধ্যাত্মিক পথচলা। যেখানে মিশে আছে তওবা আর ক্ষমা পাওয়ার এক আকুল প্রার্থনা।

কণ্ঠশিল্পী ওমর ফারুক আসাদ বলেন, ‘ছোটোবেলা থেকেই গান করতাম। জাগতিক বাস্তবতায় লম্বা সময় কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। জীবনের রূঢ় বাস্তবতায় হঠাৎ মনে হলো দুনিয়ার দৌড় শেষে তো মহান রবের দরবারেই শেষ হাজিরা দিতে হবে। আর ব্যস্ত জীবনে আত্মার প্রশান্তি পেতে সৃষ্টিশীলতায় মনোনীবেশ করার চেয়ে ভালো কোনো উপায় হতে পারে বলে আমার মনে হয় না। কারণ, নাশিদে একইসাথে মহান প্রভুর এবং প্রিয় নবীর প্রেমের মালা গাথা হয়।’
গানটির সফল অবমুক্তির পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম, সুপরামর্শ ও অবদান রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও কার্পন্য করেননি ওমর ফারুক। তরুণ এই শিল্পী বলেন, ‘‘আমার এই পথচলায় কিছু প্রিয় মানুষের অবদান অনস্বীকার্য। প্রিয় সহকর্মী ও অন্যতম মেন্টর ইয়াসিন আহমাদ, গীতিকার ও সাংবাদিক শাহনূর শাহীন ভাই, গানের কথা সাজানোর বিষয়ে সবসময় যার পরামর্শ পেয়েছি। এছাড়া ঢাকায় যার হাত ধরে প্রথম চলা জননন্দিত উপস্থাপক ও আবৃতি শিল্পী আহমাদ আবু জাফর ভাই, সুরালোকের মুবিন ভাইসহ আরো অনেকের প্রতিই আমি বিশেষভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতেও তাদের সহযোগিতা আমার পথচলায় সহায়ক হবে।’’
ইব্রাহিম আহমেদের পরিচালনায় এই নাশিদটির চমৎকার সাউন্ড ডিজাইন করেছেন মুহাম্মদ মুবিন। মুসাফফা সিটির নিবেদনে এবং এফোর্ট বিডি ও ইনসাফ শপের সৌজন্যে নির্মিত এই পুরো কাজটি শিল্পী উৎসর্গ করেছেন তাঁর মা মনসুরা বেগমকে।
শ্রোতাদের হৃদয়ে কবরে যাওয়ার ভয় ও তাওবার অনুভূতি জাগিয়ে তুলতে ‘বোকা মন’ নাশিদটি ইতিমধ্যে প্রশংসিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মানবকণ্ঠ/আরআই




Comments