জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বর্তমানে মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলো পরাশক্তির নির্যাতনের কারণে পীড়িত এবং মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক গভীর ষড়যন্ত্র চলছে। বৃহস্পতিবার (২৮ মে) সকালে ভোলার লালমোহন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লি ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের জন্য ত্যাগের মহান বাণী নিয়ে এসেছে। বর্তমানে দেশের একটি বৃহৎ অংশ চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই কঠিন সময়ে সচ্ছল ও অসচ্ছল সবাই মিলেমিশে যেন সুখ-দুঃখ ভাগাভাগি করে সুন্দর জীবনযাপন করতে পারে, সেজন্য তিনি মহান আল্লাহর রহমত কামনা করেন।
স্পিকার হিসেবে নিজের জন্মস্থানের মানুষের মাঝে ফিরে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা। অনেক স্বপ্ন নিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, কিন্তু সেই স্বপ্ন আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তবে দীর্ঘ সংগ্রাম ও বহু ত্যাগের পর দেশে পুনরায় গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে এসেছে। আমার দৃঢ় বিশ্বাস, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে সক্ষম হবে।”
দেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “বর্তমানে মানুষের মধ্যে কোনো আতঙ্ক নেই। মানুষ এখন পূর্ণ বাকস্বাধীনতা ভোগ করছে। রাজনৈতিক বিশ্বাসের কারণে কাউকে আর নিগৃহীত হতে হচ্ছে না, এটিই মূলত গণতন্ত্রের শ্রেষ্ঠ সুফল। আমি আশা করি, বাংলাদেশে এই গণতান্ত্রিক ব্যবস্থা স্থায়ী রূপ পাবে এবং ভবিষ্যতে কেউ কাউকে আর নিপীড়ন করার সুযোগ পাবে না।”
এদিন সকাল ৮টায় লালমোহন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন স্পিকার। নামাজ শেষে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মুসল্লিদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments