একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দল-মতনির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমান সরকার জাতীয় ঐক্য এবং দেশ গড়ার সুনির্দিষ্ট প্রত্যয় নিয়ে কাজ করছে। আমাদের মূল স্লোগান হলো—‘সবার আগে বাংলাদেশ’। বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমরা বিশ্বাস করি—আমরা করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই মূলনীতিকে ধারণ করে আমরা দেশের প্রত্যেকটি নাগরিককে সাথে নিয়ে একটি সুদৃঢ় জাতীয় ঐক্যের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য একটি বৈষম্যহীন ও স্বনির্ভর রাষ্ট্র গড়ে তোলা।"
দেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, "২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে আজ জনগণ এক মুক্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করছে। এই স্বাধীন আবহেই দেশবাসী পরপর কয়েকটি উৎসবমুখর ঈদ উদ্যাপন করার সৌভাগ্য লাভ করেছে। আল্লাহর কাছে প্রার্থনা, এই শান্তি ও সমৃদ্ধির ধারা যেন অব্যাহত থাকে।"
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনের কর্মসূচির কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সকালে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। এরপর তাঁরা বনানী কবরস্থানে গিয়ে মরহুম আরাফাত রহমান কোকো এবং ডা. জুবাইদা রহমানের বাবার কবর জিয়ারত করেন। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী বিডিআর (বর্তমানে বিজিবি) কর্মকর্তা ও অন্য শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন তাঁরা।
প্রেস ব্রিফিংকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য সৈয়দ ইব্রাহিম আহমদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments