Image description

সারাদেশে আজ ত্যাগের মহিমায় বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। উৎসবের এই দিনে মাঠের ব্যস্ততা ভুলে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটের তিন অধিনায়ক—নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ ও লিটন কুমার দাস। সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক বার্তায় ভক্তদের প্রতি ভালোবাসা ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিয়েছেন তারা।

টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত: পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরিবারের সদস্যদের সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘বিশ্বাস, ত্যাগ ও আশীর্বাদ। সবাইকে ঈদ মোবারক।’

ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ: খুলনার খালিশপুরে নিজ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে মিরাজ লেখেন, ‘সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ মাফ করে দিন এবং আমাদের কোরবানি কবুল করে নিন। আমিন।’

টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস: টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস ভক্তদের প্রতি সম্প্রীতি ও শান্তির শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। এই বরকতময় ঈদ আপনার জীবন ভরে তুলুক শান্তি, আনন্দ, সুখ ও অফুরন্ত কল্যাণে। আপনি ও আপনার প্রিয়জনদের জন্য রইলো ভালোবাসা, সম্প্রীতি ও সুন্দর মুহূর্তে ভরা একটি দারুণ ঈদের শুভকামনা।’

উল্লেখ্য, ঈদের ছুটির পরপরই আবারও মাঠের লড়াইয়ে ফিরতে হবে টাইগারদের। আগামী ৯ জুন থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে বাংলাদেশের। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে ঢাকায়। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।

মানবকণ্ঠ/আরআই