Image description

পবিত্র ঈদুল আজহার দিনে কোরবানি দিতে গিয়ে অসাবধানতাবশত রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ৮০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক ও উন্নত চিকিৎসা সেবা নিয়েছেন।

আহতদের মধ্যে প্রায় ২০ জনের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়েছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কলিন্স মল্লিক জানান, আহতদের অধিকাংশই পশুর লাথি, শিংয়ের গুঁতা অথবা মাংস কাটার সময় ধারালো অস্ত্রের (দা, ছুরি, চাপাতি) আঘাতে জখম হয়েছেন। তিনি বলেন, “প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকেই বাড়ি ফিরে গেছেন। তবে গুরুতর আহত কয়েকজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এই হাসপাতালে কাউকে ভর্তি করার প্রয়োজন পড়েনি।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতরা রাজধানীর বিভিন্ন প্রান্তের বাসিন্দা। এর মধ্যে পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, চকবাজার, হাজারীবাগ ও বংশাল এলাকার মানুষের সংখ্যা বেশি। এছাড়া সবুজবাগ, উত্তরা, বাড্ডা, ধানমন্ডি, কলাবাগান, মিরপুর ও পল্লবী এলাকা থেকেও অনেকে জখম হয়ে হাসপাতালে এসেছেন।

প্রতিবছরই কোরবানির পশু সামলাতে গিয়ে অভিজ্ঞতার অভাব এবং অসাবধানতার কারণে এমন অনাকাঙ্ক্ষিত আহতের ঘটনা ঘটে থাকে। চিকিৎসকরা এ ক্ষেত্রে পশু জবাই ও মাংস কাটার সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

মানবকণ্ঠ/আরআই