Image description

সারা দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) সন্দেহজনক হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৫ জনে। বৃহস্পতিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই আশঙ্কাজনক তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২৬ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে আরও ৫১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত সারা দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৯০৫ জনে এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৮৮৫ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৫৪ হাজার ১৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ৯২৬ জন।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গে ৪৭৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ৮৮ জন। সব মিলিয়ে দেশে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৫ জনে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, শিশুদের মধ্যে সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি থাকায় অভিভাবকদের আরও সচেতন হতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/আরআই