Image description

নেদারল্যান্ডসের রটারডাম শহরে একটি মসজিদে ভয়াবহ হামলা ও ধর্মীয় অবমাননার ঘটনা ঘটেছে। একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি মসজিদের দেয়াল ভাঙচুর করার পাশাপাশি সেখানে বিয়ারের বোতল নিক্ষেপ এবং ভবনের সামনে প্রস্রাব করার মতো জঘন্য কাজ করেছে। বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাতে স্থানীয় ‘মেভলানা মসজিদে’ এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।

বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন নেদারল্যান্ডস (আইএসএন)। সংস্থাটি জানায়, অন্তত ছয়জন হামলাকারী মসজিদের একটি কারুকার্যমণ্ডিত মোজাইক দেয়াল ক্ষতিগ্রস্ত করে। এরপর তারা ভবনটি লক্ষ্য করে বিয়ারের বোতল ছুড়তে থাকে এবং মসজিদের পবিত্রতা নষ্ট করে অত্যন্ত অশোভন আচরণ করে।

এই ঘটনায় স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। আইএসএন-এর অভিযোগ, ঘটনার সময় মসজিদ কর্তৃপক্ষ বারবার পুলিশকে ফোন করলেও তারা যথাসময়ে সাড়া দেয়নি। হামলাকারীরা নির্বিঘ্নে তাণ্ডব চালিয়ে এলাকা ত্যাগ করার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এমনকি দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা এই হামলাকে তাৎক্ষণিক হস্তক্ষেপ প্রয়োজন এমন কোনো বড় হুমকি হিসেবে বিবেচনা না করায় মুসল্লিদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে।

আইএসএন এক বিবৃতিতে বলেছে, নেদারল্যান্ডসে ইদানীং মুসলিম ও ধর্মীয় উপাসনালয় লক্ষ্য করে হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। এতে স্থানীয় মুসলিমরা নিজেদের নিরাপত্তা নিয়ে ক্রমেই অনিরাপদ বোধ করছেন। সংস্থাটি আরও বলেছে, যেকোনো পরিস্থিতিতে ইবাদতকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভয়ভীতি ছাড়া ধর্ম পালনের অধিকার রক্ষা করা রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব।

ইতিমধ্যেই এই হামলার ঘটনায় একটি আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন এই ঘটনার অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে।

মানবকণ্ঠ/আরআই