Image description

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য অপসারণে বড় সাফল্য দেখিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গত তিন দিনে ৩৬ হাজার টনেরও বেশি বর্জ্য অপসারণ করেছে সংস্থাটি। তবে পশুর হাটের বর্জ্য পরিষ্কারে অসহযোগিতা করায় ইজারাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

রোববার (৩১ মে) নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। প্রশাসক জানান, ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) থেকে শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। অথচ সংস্থাটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল ৩৩ হাজার ৯৪২ টন। বর্জ্য অপসারণের এই বিশাল কর্মযজ্ঞ এখনও চলমান রয়েছে।

দক্ষিণ সিটির আওতাধীন ১১টি পশুর হাটের বর্জ্য অপসারণের বর্তমান অবস্থা তুলে ধরে মো. আবদুস সালাম বলেন, “হাটের বর্জ্য পরিষ্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে চুক্তির শর্ত অনুযায়ী ইজারাদারদের এই বর্জ্য অপসারণ করার কথা থাকলেও তারা তা পালন করেননি। জনস্বাস্থ্যের কথা চিন্তা করে সিটি করপোরেশনকেই এই বাড়তি দায়িত্ব নিতে হয়েছে।”

দায়িত্বে অবহেলাকারী ইজারাদারদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যেসব ইজারাদার চুক্তির শর্ত ভঙ্গ করেছেন, তাদের জামানত বাজেয়াপ্ত করা হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন তারা কোনো ইজারা না পায়, সেজন্য তাদের কালোতালিকাভুক্ত (Blacklist) করা হবে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রশাসক জানান, আগামী বছর থেকে ইজারাদারদের জামানতের পরিমাণ আরও বাড়ানো হবে। এর ফলে ইজারাদাররা বর্জ্য অপসারণসহ অন্যান্য দায়িত্ব পালনে আরও বেশি জবাবদিহির মধ্যে থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যে শহরকে পরিচ্ছন্ন করতে বিরামহীন কাজ করায় পরিচ্ছন্নতাকর্মীদের ধন্যবাদ জানান ডিএসসিসি প্রশাসক।

মানবকণ্ঠ/আরআই