তোফায়েল আহমেদের প্রয়াণে রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্রকে হারাল দেশ: জাপা মহাসচিব
প্রবীণ রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। সোমবার (১ জুন) এক শোকবার্তায় তিনি বর্ষীয়ান এই নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
শোকবার্তায় শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘তোফায়েল আহমেদের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। আমাদের স্বাধীনতা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে তাঁর ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তোফায়েল আহমেদ দেশ ও জনগণের কল্যাণে এবং গণতন্ত্রের প্রতি তাঁর অবিচল নিষ্ঠার স্বাক্ষর রেখে গেছেন। শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘রাজনীতিতে মত ও পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে তোফায়েল আহমেদের রাজনৈতিক প্রজ্ঞা এবং অতুলনীয় নেতৃত্বগুণ দল-মতনির্বিশেষে সবার কাছে শিক্ষণীয় হয়ে থাকবে। তিনি কেবল একজন অভিজ্ঞ সংসদ সদস্যই ছিলেন না, বরং তিনি ছিলেন এক দক্ষ সংগঠক এবং আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।’
জাতীয় পার্টির মহাসচিব মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং তাঁর অসংখ্য অনুসারীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, তোফায়েল আহমেদ আজ বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মানবকণ্ঠ/আরআই




Comments