Image description

শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে বিদ্যুতের দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। শনিবার (৬ জুন) সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, "সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত গ্রাহকেরা সরাসরি উপকৃত হবেন।" 

তিনি আরও জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) শুনানির মাধ্যমে বিদ্যুতের দাম সমন্বয় করা হলেও সরকারের বিশেষ নির্দেশনায় প্রায় ৬৫ শতাংশ গ্রাহকের জন্য কোনো দাম বাড়ছে না, বরং আগের দামই বহাল থাকছে।

একই সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিগত সরকারের সময়কার দুর্নীতি ও মানি লন্ডারিংসহ নানা অপকর্মের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। 

তিনি মন্তব্য করেন, "আগের সরকারগুলো উৎপাদনমুখী নীতির পরিবর্তে আমদানিনির্ভর নীতিকে বেশি গুরুত্ব দিয়েছে। যদি সঠিক সময়ে উৎপাদনমুখী পদক্ষেপ নেওয়া হতো, তবে আজ বিদ্যুৎ ও জ্বালানি খাতে এমন সংকটময় পরিস্থিতি তৈরি হতো না।"

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দুর্নীতির চক্র থেকে দেশকে বের করে এনে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। জ্বালানি খাতের বর্তমান সংকট উত্তরণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মানবকণ্ঠ/ডিআর