আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুরোপুরি দমন করার চেষ্টা করা বর্তমান সরকারের জন্য একটি বড় ভুল হতে পারে বলে মনে করেন বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা। তাঁর মতে, ২০২৪ সালের সেই উত্তাল পরিস্থিতি এখন আর নেই এবং আওয়ামী লীগকে জোরপূর্বক মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পরিণাম দীর্ঘমেয়াদে দেশ ও রাজনীতির জন্য সংঘাতময় হতে পারে।
শনিবার (৬ জুন) ইউটিউব চ্যানেল ‘মানচিত্র’-এ প্রকাশিত এক ভিডিও বার্তায় বাংলাদেশের সমসাময়িক রাজনীতি ও আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে এই বিশ্লেষণধর্মী মন্তব্য করেন তিনি।
সাবির মুস্তাফা বলেন, “বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কী করলে কী হয়, তা বিএনপি সরকার অবশ্যই জানে। তারা যদি মনে করে আওয়ামী লীগ দুর্বল বা তাদের জনসমর্থন নেই এবং সেই সুযোগে তাদের পিটিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, তবে সেটি হবে ভুল। কারণ তারা তো মাটির সঙ্গেই মিশে ছিল, এখন সেখান থেকে তারা আবার আস্তে আস্তে উঠছে।”
তিনি আরও বলেন, ২০২৪ সালে যে বিশেষ পরিস্থিতি ছিল, তা এখন আর নেই। চাইলেই হুট করে তেমন গণরোষ বা পরিবেশ আবার সৃষ্টি করা সম্ভব নয়। এ অবস্থায় আওয়ামী লীগকে দমনের নীতি গ্রহণ করলে মধ্যমেয়াদে দেশে এক ধরণের অস্থিতিশীলতা ও সংঘাতের পটভূমি তৈরি হতে পারে, যা কারো জন্যই সুখকর হবে না।
সংঘাত এড়ানোর উপায় হিসেবে সাবির মুস্তাফা দুটি বিকল্পের কথা উল্লেখ করেন। প্রথমটি হলো দমননীতি অব্যাহত রাখা, যা পরিস্থিতিকে আরও সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। দ্বিতীয়টি হলো দমননীতি থেকে সরে এসে আওয়ামী লীগের সঙ্গে একটি রাজনৈতিক সমঝোতা করা এবং তাদের নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া। তিনি বলেন, “এখন পুরো বিষয়টি সরকারের ওপর নির্ভর করবে, বল এখন তাদের কোর্টেই রয়েছে।”
সাবির মুস্তাফার এই রাজনৈতিক বিশ্লেষণ বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মানবকন্ঠ/আরআই




Comments