Image description

সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক ও বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

আজ রোববার (৭ জুন) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৬টায় ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়।

ফলাফলে দেখা যায়, ক্লাব ক্যাটাগরি থেকে তামিম ইকবালসহ মোট ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পান সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান পান ৭০ ভোট এবং ইয়াসির ফয়সাল পান ৬৮ ভোট।

অন্যান্য নির্বাচিতদের মধ্যে রয়েছেন ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম (৬৬ ভোট), আসিফ রাব্বানী (৬৪ ভোট), মির্জা ইয়াসির আব্বাস (৬৩ ভোট), রফিকুল ইসলাম (৫৩ ভোট) এবং ডা. মাহবুব শামীম (৪১ ভোট)।

এই ক্যাটাগরিতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে ১২ জন পরিচালক হিসেবে নির্বাচিত হন এবং ৪ জন পরাজিত হন।

ধারণা করা হচ্ছে, নবনির্বাচিত পরিচালনা পর্ষদে তামিম ইকবালই সভাপতি হিসেবে দায়িত্ব নিতে পারেন, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

নির্বাচনের ফলাফল ঘিরে ক্রিকেটপাড়ায় নতুন নেতৃত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।