Image description

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রীদের একান্ত সচিবদের (পিএস) বেতন বাড়িয়েছে সরকার। এখন থেকে সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তাদের মূল বেতন ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থ বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এই নতুন বেতন স্কেল নিশ্চিত করা হয়।

আগে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এপিএসরা জাতীয় বেতন স্কেলের নবম গ্রেডের শুরুর ধাপে অর্থাৎ ২২ হাজার টাকা মূল বেতনে নিয়োগ পেতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাদের বেতন নবম গ্রেডের অষ্টম ধাপে অর্থাৎ ৩২ হাজার ৫৪০ টাকায় উন্নীত করা হলো। অর্থ বিভাগ জানিয়েছে, এই বেতন শুধুমাত্র সরকারি চাকরির বাইরে থেকে সরাসরি নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

নতুন নির্ধারিত এই বেতন স্কেলের সাথে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে:

১. এই মূল বেতনের সাথে কোনো প্রকার বার্ষিক ইনক্রিমেন্ট (বেতন বৃদ্ধি) যোগ হবে না।

২. তারা নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ও ভাতা পাবেন।

৩. তবে তারা কোনো প্রকার পেনশন, আনুতোষিক বা ভবিষ্য তহবিলের সুবিধা পাবেন না।

উল্লেখ্য, বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় উপদেষ্টাদের এপিএসদের বেতন নবম গ্রেডের সর্বোচ্চ ধাপে অর্থাৎ ৫৩ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা নিয়ে প্রশাসনে ব্যাপক সমালোচনা হয়েছিল। সেই তুলনায় বর্তমান সরকারের এই সিদ্ধান্তকে একটি ভারসাম্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের পছন্দের ভিত্তিতে সাধারণত বেসরকারি ব্যক্তিদের এই পদে নিয়োগ দেওয়া হয়। তবে কোনো সরকারি কর্মকর্তাকে এপিএস হিসেবে নিয়োগ দিলে তিনি এই নতুন বেতন স্কেলের আওতাভুক্ত হবেন না; বরং তিনি তার নিয়মিত সার্ভিস রুল অনুযায়ী বেতন পাবেন।

মানবকন্ঠ/আরআই