Image description

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন প্রচেষ্টার প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ মঙ্গলবার বিবৃতিতে বলেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিভিন্ন সীমান্ত দিয়ে জোরপূর্বক দেশটির নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার যে চেষ্টা চালাচ্ছে, তা বেআইনি, অন্যায় এবং কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ভারত সরকার তাদের নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়ে ভারতের সংবিধান, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের মানবাধিকার সনদের লঙ্ঘন করছে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনও এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানালেও ভারত সরকার তা আমলে নিচ্ছে না। 

বিবৃতিতে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত দিয়ে ১১ জন ভারতীয়কে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা বিজিবি প্রতিহত করে। তাদের মধ্যে ৯ মাসের গর্ভবতী নারী ও একজন প্রতিবন্ধী শিশুও রয়েছে। কুড়িগ্রাম, মেহেরপুর ও শেরপুরসহ প্রায় ১১টি জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ৩২০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর অপচেষ্টা চালানো হয়েছিল।

গোলাম পরওয়ার বলেন, যতদূর জেনেছি বাংলাদেশ সরকার একাধিকবার চিঠি দিলেও ভারতের কাছে জবাব পায়নি। বাংলাদেশের জনগণ কোনো অবস্থাতেই বিদেশি চাপের কাছে নতিস্বীকার করবে না। ভারতীয় আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে সরকারকে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।