Image description

বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’। প্রতি বছর বিশ্বব্যাপী ২৯ মে দিবসটি পালিত হলেও, এবার দেশে পবিত্র ঈদুল আজহার ছুটি থাকায় আজ ১০ জুন রাষ্ট্রীয়ভাবে এটি উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কর্মরত অবস্থায় দেশের স্বার্থে জীবন উৎসর্গকারী ও শাহাদাতবরণকারী বাংলাদেশি বীর শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেবেন।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ জুন) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ। সংঘাত, সহিংসতা ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে আমাদের শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন।

উল্লেখ্য, জাতিসংঘে সর্বোচ্চসংখ্যক শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশ দীর্ঘ সময় ধরে শীর্ষ স্থান অক্ষুণ্ন রেখে আসছে। জাতিসংঘের অফিশিয়াল তথ্য অনুসারে, ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ এ তালিকায় প্রথম স্থানে ছিল এবং বর্তমানেও প্রথম বা দ্বিতীয় অবস্থানে থেকে বিশ্বমঞ্চে দেশের গৌরব অক্ষুণ্ন রাখছে।

এক নজরে জাতিসংঘ মিশনে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ৩৮ বছর:

যাত্রার শুরু: ১৯৮৮ সালে ইরাক-ইরান সামরিক পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণের মাধ্যমে এই গৌরবময় যাত্রার সূচনা।

নৌ ও বিমানবাহিনীর অন্তর্ভুক্তি: ১৯৯৩ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী এই মিশনে যুক্ত হয়।

পুলিশের অবদান: ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ যুক্ত হয়। এ পর্যন্ত ১,৯২৮ জন নারী সদস্যসহ মোট ২১,৮২৮ জন পুলিশ সদস্য ২৫টি দেশের ২৭টি মিশনে দায়িত্ব পালন করেছেন।

সর্বমোট অংশগ্রহণ: এ পর্যন্ত বাংলাদেশের ৪৩টি দেশের ৬৩টি জাতিসংঘ মিশনে মোট ২ লাখ ৬ হাজার ৪৭৬ জন শান্তিরক্ষী সফলতার সঙ্গে দায়িত্ব সম্পন্ন করেছেন (যার মধ্যে নারী শান্তিরক্ষী ৩,৬৪৫ জন)।

বর্তমান অবস্থান: বর্তমানে জাতিসংঘের ৯টি সক্রিয় শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের ৪,৪১২ জন শান্তিরক্ষী নিয়োজিত আছেন।

সর্বোচ্চ আত্মত্যাগ: বিশ্বশান্তি প্রতিষ্ঠার লড়াইয়ে এ পর্যন্ত বাংলাদেশের ১৭৫ জন বীর শান্তিরক্ষী জীবন উৎসর্গ করেছেন। এর মধ্যে সেনাবাহিনীর ১৩৮ জন, নৌবাহিনীর ৪ জন, বিমানবাহিনীর ৯ জন এবং পুলিশের ২৪ জন সদস্য রয়েছেন। এছাড়া দায়িত্ব পালনকালে আহত হয়েছেন আরও ২৮৭ জন।

মানবকন্ঠ/আরআই