Image description

আইসল্যান্ডের যে ‘নিরেট রক্ষণ’ নিয়ে এত আলোচনা ছিল, বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে তা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ২০২৬ ফুটবল বিশ্বকাপ মাঠে গড়ানোর ঠিক একদিন আগে, নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা। প্রথমার্ধে বেঞ্চে থাকলেও, দ্বিতীয়োর্ধ্বে মাঠে নেমে বরাবরের মতোই ‘মেসি ম্যাজিক’ দেখালেন ফুটবল জাদুকর।

বুধবার (১০ জুন) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমে অবশ্য শুরুতেই কিছুটা হোঁচট খেতে পারত আর্জেন্টিনা। নিকো পাজের একটি আক্রমণ ব্যর্থ হওয়ার পর দ্রুত কাউন্টার অ্যাটাকে ওঠে আইসল্যান্ড। তবে আইসল্যান্ডের ফরোয়ার্ড এলার্টসনের শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে বেঁচে যায় আর্জেন্টিনা।

এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আলবিসেলেস্তেরা। দলের প্রধান তারকা লিওনেল মেসি প্রথমার্ধে মাঠে না থাকলেও আর্জেন্টিনার লিড নিতে সময় লাগেনি। ম্যাচের ঠিক ৮ম মিনিটে বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত শটে আইসল্যান্ডের জাল কাঁপান তরুণ ডিফেন্ডার ভ্যালেন্টিন বারকো। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

খেলার দ্বিতীয় বাঘাংশে মাঠে নামেন অধিনায়ক লিওনেল মেসি। আর মাঠে নেমেই চিরচেনা রূপে দেখা দেন তিনি। ম্যাচের ৭২ মিনিটে আইসল্যান্ডের রক্ষণভাগ ভেঙে দুর্দান্ত এক গোল করেন মেসি। এই গোলের মাধ্যমেই মূলত আর্জেন্টিনার জয় সুনিশ্চিত হয়ে যায়।

ম্যাচের শেষভাগে আইসল্যান্ডের কফিনে শেষ পেরেকটি ঠোকেন থিয়াগো আলমাডা। নির্ধারিত ৯০ মিনিট শেষে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির শিষ্যরা।

মানবকন্ঠ/আরআই