Image description

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ জুন থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের স্কোয়াডে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন।

ঘোষিত দলে বড় খবর হলো নেতৃত্ব কাঠামোতে পরিবর্তন। টপ-অর্ডার ব্যাটার সাইফ হাসান আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করতে আগ্রহী না হওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন তাওহিদ হৃদয়। এখন থেকে লিটন দাসের ডেপুটি হিসেবে কাজ করবেন এই তরুণ ব্যাটার।

দল থেকে বাদ পড়েছেন দুই পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ও রিপন মন্ডল। এছাড়া ইনজুরির কারণে স্কোয়াডে জায়গা পাননি পেসার তানজিম হাসান সাকিব। তাদের পরিবর্তে পেস আক্রমণে মুস্তাফিজ-তাসকিনদের সাথে যোগ দিয়েছেন তরুণ নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।

বর্তমানে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে, যেখানে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। ওয়ানডে মিশন শেষে আগামী ১৭ জুন চট্টগ্রামে টি-টোয়েন্টি লড়াইয়ে নামবে দুদল। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৯ ও ২১ জুন। সবগুলো ম্যাচই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।

মানবকণ্ঠ/ডিআর