Image description

বাংলাদেশ পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। নোয়াখালী ও ফেনীসহ দেশের ৫টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিট ও দপ্তরের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদলের কথা জানানো হয়। নতুন এসপি পাওয়া ৫টি জেলা হলো—পঞ্চগড়, মৌলভীবাজার, নোয়াখালী, ঝিনাইদহ ও ফেনী।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আবু সাইমকে পঞ্চগড় জেলার নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পঞ্চগড়ের বর্তমান এসপি মো. মিজানুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া ডিএমপির আরেক উপ-পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলামকে মৌলভীবাজারের এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মৌলভীবাজারের বর্তমান এসপি মো. রিয়াজুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

নোয়াখালী জেলার নতুন এসপি হিসেবে পদায়ন করা হয়েছে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার এন. এম. নাসিরুদ্দিনকে। সেখানকার বর্তমান এসপি টি এম মোশাররফ হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এসপি হিসেবে বদলি করা হয়েছে। এদিকে, ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহ জেলার নতুন পুলিশ সুপার করা হয়েছে। ঝিনাইদহের বর্তমান এসপি মো. মাহফুজ আফজালকে পাঠানো হয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন)।

অন্যদিকে, সিআইডির বিশেষ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনী জেলার নতুন এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তাকে ঝালকাঠির এসপি হিসেবে বদলির আদেশ দেওয়া হলেও, নতুন আদেশে তাকে ফেনীতে পাঠানো হয়। অপরদিকে, এর আগে ফেনীর এসপি হিসেবে বদলির আদেশ পাওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই