২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে বড় ধরনের সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ডিজিটাল রূপান্তরকে আরও এক ধাপ এগিয়ে নিতে মোবাইল ফোনের দাম, সিমের কর এবং কলরেট কমানোর পাশাপাশি দেশজুড়ে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণের বিশাল উদ্যোগ নেওয়া হয়েছে।
এবারের বাজেটের অন্যতম বড় চমক হলো প্রতিটি মোবাইল সিম কার্ডের ওপর থেকে ৩০০ টাকার কর সম্পূর্ণ প্রত্যাহার। এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ এখন অনেক কম দামে সিম কিনতে পারবেন। এতে সরকারের প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা রাজস্ব ছাড় দিতে হলেও, এখন থেকে সিমের ওপর কেবল ১৫ শতাংশ কর প্রযোজ্য হবে।
স্থানীয় পর্যায়ে মোবাইল ফোনের উৎপাদন উৎসাহিত করতে এবং স্মার্টফোনের দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে ২২টি কাঁচামাল আমদানির ওপর অগ্রিম কর ৫ ও ২ শতাংশ থেকে কমিয়ে মাত্র ১ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া মোবাইল নেটওয়ার্ক সেবায় উৎসে কর ১২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করায় গ্রাহকদের কলরেট ও ইন্টারনেট ব্যবহারের খরচ উল্লেখযোগ্য হারে কমবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি বিটিআরসির লাইসেন্স ফি বা চার্জের ওপর আরোপিত ২০ শতাংশ উৎসে করও প্রত্যাহারের কথা বলা হয়েছে বাজেটে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও জানান, দেশের ৯০ শতাংশ মানুষকে ৫জি ইন্টারনেট সেবার আওতায় আনা এবং ন্যূনতম ১০০ এমবিপিএস ব্রডব্যান্ড গতি নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সেই সঙ্গে ৪১ লাখ নতুন ৪জি সংযোগ প্রদান এবং দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও ট্রেনে সাধারণ মানুষের জন্য বিনা মূল্যে উচ্চগতির ইন্টারনেট সেবা চালুর মাধ্যমে ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments