অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ঐতিহাসিক জয় ও সিরিজ নিশ্চিত করার পরপরই হাসপাতালে যেতে হয়েছে জাতীয় দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। ম্যাচ চলাকালে মাথায় বলের আঘাত পেলেও দলের প্রয়োজনে মাঠ ছাড়েননি তিনি, বরং দুর্দান্ত ব্যাটিং করে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের রান তাড়ার সময় এক রোমাঞ্চকর ও উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়। জয়ের জন্য যখন বাংলাদেশের প্রয়োজন মাত্র ২৪ রান, তখন অস্ট্রেলিয়ান পেসার ন্যাথান এলিসের একটি বাউন্সার সরাসরি আঘাত করে মিরাজের হেলমেটে। আঘাতটি এতটাই প্রবল ছিল যে তিনি ক্রিজেই বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে যান। মাঠে দ্রুত ফিজিও এসে তার প্রাথমিক চিকিৎসা শুরু করেন। পরিস্থিতি বিবেচনা করে এক পর্যায়ে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়ার জন্য স্ট্রেচারও আনা হয়েছিল। তবে দলের দায়িত্ব কাঁধে নিয়ে মিরাজ মাঠ ছাড়তে অস্বীকৃতি জানান।

চলতি সিরিজে বল হাতে উইকেটশূন্য থাকলেও আজ ব্যাট হাতে চরম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন অধিনায়ক। ১৪৪ রানে মোসাদ্দেক হোসেন সৈকত আউট হওয়ার পর ক্রিজে এসে ২২ বলে অপরাজিত ২২ রানের একটি কার্যকরী ইনিংস খেলেন মিরাজ। তার এই অনবদ্য অবদানের ওপর ভর করেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
ম্যাচ জয়ের পর ঐতিহাসিক এই মুহূর্তের পুরস্কার বিতরণী আয়োজনে দেখা যায়নি অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। কনকাশন (মাথায় আঘাতজনিত সমস্যা) শঙ্কা থাকায় ম্যাচ শেষ হওয়া মাত্রই তাকে ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম ঢাকার একটি হাসপাতালে নিয়ে যায়। স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় একজন সহকারীকে ধরে তাকে অ্যাম্বুলেন্সে উঠতে দেখা যায়। হাসপাতালে তার প্রয়োজনীয় সিটি স্ক্যানসহ অন্যান্য পরীক্ষানিরীক্ষা করা হবে।
মিরাজের অনুপস্থিতিতে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলের প্রতিনিধিত্ব করেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের চোটের সর্বশেষ অবস্থা জানিয়ে শান্ত আশাবাদ ব্যক্ত করে বলেন, "আপাতত দেখে মনে হচ্ছে ভালো আছে, তবে আজ রাতটা আমাদের পর্যবেক্ষণে দেখতে হবে। নিশ্চিত হওয়ার জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।"
চিকিৎসকদের পক্ষ থেকে মিরাজকে বিশ্রামের পরামর্শ দেওয়া হলে সিরিজের শেষ ওয়ানডেতে তাকে মাঠের বাইরে দেখা যেতে পারে। উল্লেখ্য, টানা খেলার ধকল সামলাতে ইতোমধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে বিশ্রামের জন্য ‘ছুটি’ নিয়ে রেখেছেন এই তারকা অলরাউন্ডার।
মানবকণ্ঠ/আরআই




Comments