রাজধানীর লাইফলাইন হিসেবে পরিচিত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শনিবার (১৩ জুন) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে লাইনে একটি বিড়াল ঢুকে পড়ায় নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। তবে বিড়ালটি কোন স্টেশনে বা লাইনের ঠিক কোন অংশে ঢুকেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর অনেক যাত্রী স্টেশন ত্যাগ করে বিকল্প পরিবহনে গন্তব্যে রওনা হন। বর্তমানে কোনো স্টেশনেই নতুন যাত্রী প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া যারা আগে থেকেই টিকিট কেটে স্টেশনে অপেক্ষা করছিলেন, তাদের টিকিটের অর্থ ফেরত দিচ্ছে কর্তৃপক্ষ।
মেট্রোরেলের এক কর্মকর্তা জানান, রেললাইনে একটি বিড়াল ঢুকে পড়ায় নিরাপত্তার খাতিরে দ্রুত ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। লাইনে কোনো প্রাণী বা বস্তুর উপস্থিতি বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে বলেই এই সতর্কতামূলক ব্যবস্থা।
তিনি আরও জানান, পুরো লাইনটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিড়ালটি সরিয়ে নেওয়া এবং লাইনটি নিরাপদ ঘোষণা করার পরপরই পুনরায় ট্রেন চলাচল শুরু হবে। তবে সেবা স্বাভাবিক হতে ঠিক কত সময় লাগবে, তা এখনো নিশ্চিত নয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments