Image description

ভারতে প্রবেশসংক্রান্ত জটিলতার মুখে দিল্লি সফর বাতিল করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। রোববার সন্ধ্যায় তিনি ভারতের রাজধানী দিল্লিতে পৌঁছান। সোমবার (১৫ জুন) থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তার। তবে বিমানবন্দরে ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়া সম্ভব হয়নি।

কূটনৈতিক সূত্র জানায়, আইওআরএর বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার বিষয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আগেই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছিল। তা সত্ত্বেও দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে দীর্ঘ সময় ইমিগ্রেশন প্রক্রিয়ায় অপেক্ষা করতে হয়। 

এক পর্যায়ে পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়লে ডা. জাহেদ উর রহমান সফর বাতিলের সিদ্ধান্ত নেন। পরে তিনি দিল্লি থেকে কলম্বোর উদ্দেশে রওনা হন এবং সেখান থেকে ঢাকায় ফেরার যাত্রা শুরু করেন।

এদিকে ভারতীয় কিছু গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, অতিরিক্ত যাচাই-বাছাইয়ের পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে ততক্ষণে তিনি সফর বাতিলের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। একই সঙ্গে কিছু সূত্র প্রশাসনিক বা নথিগত জটিলতার কথাও উল্লেখ করেছে।

ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো যৌথ ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে, বিশেষ করে একটি আঞ্চলিক বৈঠকে অংশ নিতে যাওয়া উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধির ক্ষেত্রে এমন পরিস্থিতি কেন সৃষ্টি হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মানবকণ্ঠ/আরআই