দেশপ্রেম ও দুর্নীতিবিরোধী সংগ্রামের গল্প নিয়ে নির্মিতব্য সিনেমা সোলজার-এর বাকি অংশের শুটিং শুরু করতে শিগগিরই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন নির্মাতা ও কলাকুশলীরা। দীর্ঘ অপেক্ষার পর চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক সাকিব ফাহাদ।
গত বছরের অক্টোবরে শাকিব খানকে নিয়ে সোলজার সিনেমার শুটিং শুরু হয়। সে সময় নির্মাতা ডিসেম্বরেই সিনেমাটি মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে এর মধ্যে শাকিব খানের অভিনীত একাধিক সিনেমা মুক্তি পেলেও *সোলজার* এখনো দর্শকের সামনে আসেনি।
সম্প্রতি কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত রকস্টার সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে শাকিব খান জানান, খুব শিগগিরই সোলজার-এর বাকি কাজ শুরু হবে এবং তিনি আবারও সিনেমাটির চরিত্রে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে গত কয়েকদিন ধরে গুঞ্জন ছড়িয়েছে, সিনেমাটি ডিসেম্বরের পরিবর্তে আগামী অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পরিচালক।
সাকিব ফাহাদ বলেন, “এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য সিনেমাটির কাজ নিখুঁতভাবে শেষ করা। মুক্তির সময় নির্ধারণ করবে প্রযোজনা প্রতিষ্ঠান। অক্টোবর ও ডিসেম্বর—দুই সময়ই ভালো। শুটিং শেষ হওয়ার পর আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নিশ্চিতভাবে বলা যায়, ২০২৬ সালের মধ্যেই দর্শকরা প্রেক্ষাগৃহে সোলজার দেখতে পাবেন।”
ঈদকেন্দ্রিক মুক্তির বাইরে যাওয়ার কারণ ব্যাখ্যা করে নির্মাতা বলেন, “অনেকেই প্রশ্ন করেন, ঈদ ছাড়া কেন শাকিব খানের সিনেমা মুক্তি পায় না। আমরা বিশ্বাস করি, সারা বছর দর্শকদের হলে ধরে রাখতে হলে বিভিন্ন সময় ভালো সিনেমা মুক্তি দেওয়া প্রয়োজন। সেই ভাবনা থেকেই ঈদের বাইরে মুক্তির পরিকল্পনা করা হয়েছে।”
শুটিং প্রসঙ্গে তিনি জানান, গত বছরই সিনেমার অধিকাংশ দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। চলতি মাসে ব্যাংককে বাকি অংশের শুটিং হবে। সেখান থেকে ফিরে একটি গানের কিছু অংশের দৃশ্যধারণ শেষ করা হলেই ক্যামেরার কাজ সম্পূর্ণ হবে।
উল্লেখ্য, গত বছর একটি মোশন পোস্টারের মাধ্যমে সোলজার সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সেখানে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে একজন সাধারণ মানুষের লড়াইয়ের গল্প তুলে ধরা হয়। ভিডিওতে এলোমেলো চুল-দাড়ি, আহত চেহারায় শাকিব খানকে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে তার কণ্ঠে শোনা যায়, “তোমার জন্য দেশ, নাকি দেশের জন্য তুমি।”
সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবং মিস বাংলাদেশ খ্যাত অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদসহ আরও অনেকে। সোলজার প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।
মানবকণ্ঠ/আরআই




Comments