Image description

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন স্কাইডাইভার এবং পাইলটসহ মোট ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, স্কাইডাইভিং পরিচালনাকারী একটি প্রতিষ্ঠানের লিজ নেওয়া বিমানটি স্থানীয় সময় রোববার (১৪ জুন) সকাল ১১টা ২০ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি পর্যাপ্ত উচ্চতা অর্জন করতে ব্যর্থ হয়।

বেটস কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগের এক মুখপাত্র জানান, বিমানটি হঠাৎ বাম দিকে মোড় নিয়ে বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ১২ জনই ঘটনাস্থলে প্রাণ হারান।

বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে ঘটনাটিকে “গণহতাহতের ঘটনা” হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, এটি কোনো বাণিজ্যিক যাত্রীবাহী বিমান ছিল না, বরং স্কাইডাইভিং কার্যক্রমে ব্যবহৃত একটি ছোট বিমান।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস পি-৭৫০ মডেলের। বিমানটি উড্ডয়নের পরপরই দুর্ঘটনার শিকার হয় এবং সেই সময় এটি কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগে ছিল না, কারণ ওই আকাশসীমায় এমন বাধ্যবাধকতা ছিল না।

দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন, কোনো স্কাইডাইভার বিমান থেকে লাফ দেওয়ার সুযোগ পেয়েছিলেন কি না। তবে প্রাথমিকভাবে কোনো জীবিত উদ্ধার পাওয়া যায়নি।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজনের পরিবারের সদস্য ঘটনাটি প্রত্যক্ষ করেছিলেন, যা পরিস্থিতিকে আরও হৃদয়বিদারক করে তুলেছে।

এখনও পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

ক্যানসাস সিটি মহানগর এলাকার কাছাকাছি বাটলার শহরের পাশে ঘটে যাওয়া এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ও এফএএ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় বলে জানিয়েছে সংস্থাগুলো।

মানবকণ্ঠ/আরআই