অসচ্ছল, অসুস্থ, আহত ও অবসরপ্রাপ্ত ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা এবং প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের উৎসাহিত করতে ২০২৫-২৬ অর্থবছরে মোট ৮ কোটি ৪১ লাখ ৭৪ হাজার টাকার ক্রীড়া ভাতা, শিক্ষা বৃত্তি ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন।
সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আমিনুল হক। সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ও ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান মো. মাহবুব-উল-আলম।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলতি অর্থবছরে মোট ১ হাজার ৭৯৭ জন ক্রীড়াসেবীকে ক্রীড়া ভাতা হিসেবে ৫ কোটি ৩৯ লাখ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া সিডমানির লভ্যাংশ থেকে অসচ্ছল ও অসুস্থ ৪২ জন ক্রীড়াসেবীকে চিকিৎসা ও আর্থিক সহায়তা বাবদ ৩২ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে।
একই সঙ্গে দেশের বিভিন্ন পর্যায়ের ১ হাজার ৪২৩ জন প্রতিভাবান ও উদীয়মান ক্রীড়া শিক্ষার্থীকে ক্রীড়া শিক্ষা বৃত্তি হিসেবে মোট ২ কোটি ৭০ লাখ ২৪ হাজার টাকা প্রদান করা হয়েছে। অর্থগুলো সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে BEFTN পদ্ধতিতে স্থানান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, প্রকৃত ক্রীড়াসেবীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। যারা দীর্ঘদিন খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থেকে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রেখেছেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে এই সহায়তা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে কার্যক্রমকে আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও কার্যকর করতে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের সহায়তায় অসচ্ছল সাবেক খেলোয়াড়দের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে এবং যোগ্য ক্রীড়াসেবীদের স্থায়ীভাবে ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী জানান, ক্রীড়াসেবী কল্যাণ কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করতে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে। সময়োপযোগী সংস্কারের মাধ্যমে ক্রীড়াবিদদের কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
মানবকণ্ঠ/আরআই




Comments