Image description

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে ভয়াবহ এক ধারাবাহিক গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের বহনকারী এক উবার চালকও রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে শহরের প্রায় পাঁচ মাইল এলাকা জুড়ে পাঁচটি পৃথক স্থানে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, পাঁচটি গুলিবর্ষণের মধ্যে তিনটি ঘটে ইন্টারস্টেট-৭০ ও ইন্টারস্টেট-৬৭০ মহাসড়কে। বাকি দুটি ঘটনা ঘটে শহরের প্রধান সড়ক ট্রুম্যান রোডে। এই এলাকাটি আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ অনুষ্ঠিত হওয়া অ্যারোহেড স্টেডিয়াম থেকে মাত্র চার মাইল দূরে অবস্থিত।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা নাসিওন’-কে দুই সমর্থক জানান, তারা উবারে করে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি গাড়ি থেকে দুটি গুলি ছোড়া হয়। এতে উবার চালকের পায়ে গুলি লাগে। ভক্তরা প্রথমে ভেবেছিলেন গাড়ির টায়ার ফেটে গেছে, কিন্তু পরে চালককে রক্তাক্ত অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ পরে ওই সমর্থকদের জবানবন্দি নিয়ে টহল গাড়িতে করে স্টেডিয়ামে পৌঁছে দেয়। আহত চালকের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

এই ধারাবাহিক হামলায় মোট পাঁচজন গুলিবিদ্ধ হন। এর মধ্যে ট্রুম্যান রোডে গুলিবিদ্ধ এক চালক গাড়ি নিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তার শরীরে গুলির আঘাত শনাক্ত করেন এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহতদের মধ্যে একজন কিশোরও রয়েছে। চারজন আহতের মধ্যে একজনের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

তদন্তকারীদের ধারণা, অল্প সময়ের ব্যবধানে পাঁচটি হামলা একই ব্যক্তি ঘটিয়েছে। পুলিশ ২২ বছর বয়সী এক যুবককে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে। তাকে অত্যন্ত ‘সশস্ত্র ও বিপজ্জনক’ হিসেবে অভিহিত করা হয়েছে। গত ১১ জুন একটি অবৈধ অস্ত্র ব্যবহারের মামলাতেও ওই যুবকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

পুলিশ বুধবার সকালে শহরতলি ইনডিপেনডেন্সের একটি বাড়িতে অভিযান চালালেও সন্দেহভাজন ব্যক্তিকে পাওয়া যায়নি। বর্তমানে তাকে ধরতে ব্যাপক তল্লাশি চলছে।

সূত্র: এবিসি নিউজ।

মানবকণ্ঠ/ডিআর