আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীতে বড় ধরনের কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে দিনটিকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
শুক্রবার (১৯ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী থাকলেও বর্তমান প্রেক্ষাপটে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি অতীতের মতোই সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট কার্যক্রম চলমান আছে এবং এটি আরও জোরদার করা হবে।
সম্প্রতি মোহাম্মদপুরে জামিনে মুক্তি পেয়ে ‘কাইল্লা ফারুক’ নামে এক ব্যক্তির পুনরায় চাঁদাবাজিতে জড়িত হওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, জামিন দেওয়া আদালতের বিষয়। তবে অপরাধী যে-ই হোক, সন্ত্রাসী, চাঁদাবাজ বা মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং গ্রেপ্তারের পর যথাযথ তথ্য-প্রমাণসহ আদালতে সোপর্দ করা হবে।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments