পেশাদার খেলোয়াড়রা অবসরের পর সাধারণত কোচিং, বিশ্লেষণ বা ধারাভাষ্য পেশায় যুক্ত হন। কিন্তু মরক্কোর তারকা ডিফেন্ডার নুসাইর মাজরাউই সেই প্রচলিত পথ থেকে একেবারেই ভিন্ন কিছু ভাবছেন।
বর্তমানে তিনি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং মরক্কো জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বয়স মাত্র ২৮ হলেও, ক্যারিয়ারের সেরা সময়েই তিনি ফুটবল থেকে অবসরের পর জীবন কোন পথে নেবেন—সে বিষয়ে ভাবতে শুরু করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মাজরাউই জানান, ২০২৬ বিশ্বকাপের পর পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে তার। এরপর তিনি নিজেকে ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক চর্চার জগতে দেখতে চান। তার ইচ্ছা হলো একজন হাফেজে কোরআন হওয়া এবং ভবিষ্যতে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করা।
মাজরাউই বলেন, “বিশ্বকাপের পর অবসরের সিদ্ধান্ত নিতে পারি। জীবন খুবই ছোট। আমি কোরআন মুখস্থ করতে চাই। পাশাপাশি ভবিষ্যতে ইমাম হওয়ারও ইচ্ছা আছে।”
তিনি আরও বলেন, ফুটবল তাকে জীবনে অনেক কিছু দিয়েছে—খ্যাতি, অর্থ, সাফল্য—সবই পেয়েছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি উপলব্ধি করেছেন, জীবনের আসল উদ্দেশ্য শুধু পেশাগত সাফল্য নয়, বরং আত্মিক শান্তি ও ধর্মীয় জ্ঞান অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মাজরাউইয়ের স্বপ্ন হলো সম্পূর্ণ কোরআন মুখস্থ করা এবং ভবিষ্যতে একজন ইমাম হিসেবে দায়িত্ব পালন করা।
ফুটবলের শীর্ষ পর্যায়ে খেললেও এমন সিদ্ধান্ত অনেককে অবাক করেছে। তবে তিনি মনে করেন, জীবনের প্রতিটি মানুষেরই নিজের লক্ষ্য ও আত্মিক চাহিদা পূরণের দিকে মনোযোগ দেওয়া উচিত।




Comments