Image description

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছে কেপ ভার্দে। স্পেনের পর এবার উরুগুয়ের বিপক্ষেও ড্র করে নকআউট পর্বে ওঠার স্বপ্ন জিইয়ে রেখেছে আফ্রিকার দেশটি।

‘এইচ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে হার্ড রক স্টেডিয়ামে ২-২ গোলে ড্র করেছে উরুগুয়ে ও কেপ ভার্দে। ম্যাচের আগে দুই দলেরই সংগ্রহ ছিল ১ পয়েন্ট করে। ফলে এই ড্রয়ের মাধ্যমে দুই দলই নিজেদের সম্ভাবনা ধরে রাখল।

ম্যাচের ২১ মিনিটে অসাধারণ এক ফ্রি-কিকে কেপ ভার্দেকে এগিয়ে দেন কেভিন পিনা। বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী শট সরাসরি জালে জড়িয়ে যায়। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম সরাসরি ফ্রি-কিক থেকে গোল হজম করল উরুগুয়ে। একই সঙ্গে কেভিন পিনা আফ্রিকার তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে সরাসরি ফ্রি-কিক থেকে গোল করার কৃতিত্ব অর্জন করেন।

গোল হজমের পর দ্রুতই ঘুরে দাঁড়ায় উরুগুয়ে। ৪৪ মিনিটে মাক্সিমিলিয়ানো আরাউহো সমতা ফেরান। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আগুস্তিন কানোবিও গোল করে উরুগুয়েকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। প্রথমার্ধ শেষ হয় উরুগুয়ের লিড নিয়েই।

তবে দ্বিতীয়ার্ধে আবারও ম্যাচে ফিরে আসে কেপ ভার্দে। ৬১ মিনিটে উরুগুয়ের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে সমতাসূচক গোল করেন হেলিও ভারেলা। ডিফেন্ডার মাতিয়াস অলিভেরা ও গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার ভুল বোঝাবুঝির সুযোগে বল পেয়ে দূরপাল্লার শটে জাল খুঁজে নেন তিনি। জাতীয় দলের হয়ে এটিই ছিল ভারেলার প্রথম গোল।

বিশ্বকাপে নিজেদের প্রথম আসরে খেলতে নেমে দ্বিতীয় ম্যাচেই দুটি গোলের দেখা পেল কেপ ভার্দে। স্পেনের বিপক্ষে ড্রয়ের পর উরুগুয়ের বিপক্ষেও পয়েন্ট তুলে নিয়ে দলটি প্রমাণ করেছে, তারা কেবল অংশ নিতে নয়, প্রতিদ্বন্দ্বিতা করতেও এসেছে।

দুই ম্যাচ শেষে ‘এইচ’ গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন, তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। উরুগুয়ে ও কেপ ভার্দের পয়েন্ট সমান ২ হলেও গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে এবং তৃতীয় স্থানে কেপ ভার্দে। অন্যদিকে এক ড্র ও এক হারে ১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সৌদি আরব।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের মুখোমুখি হবে উরুগুয়ে, আর সৌদি আরব খেলবে কেপ ভার্দের বিপক্ষে। স্পেন যদি উরুগুয়েকে হারাতে পারে, তাহলে সৌদি আরবের বিপক্ষে ড্র করলেই ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিতে পারবে কেপ ভার্দে।