রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে আলোচিত সেই মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) স্থানান্তর করা হয়েছে। বর্তমানে নিয়ম অনুযায়ী মহিষটিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
গত রোববার (২১ জুন) প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ মহিষটিকে বিএলআরআই কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
বিএলআরআই কর্তৃপক্ষ মহিষটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ ও পরবর্তী গবেষণার জন্য ‘মহিষ উৎপাদন গবেষণা বিভাগ’-এর প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেবকে প্রধান করে ১৩ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে।
এ বিষয়ে ড. গৌতম কুমার দেব জানান, “মহিষটি যেহেতু এতদিন চিড়িয়াখানায় ছিল, তাই নিয়ম অনুযায়ী আগামী ১৪ থেকে ২১ দিন একে কোয়ারেন্টাইনে রাখা হবে। এই সময়ে মহিষটি সম্পূর্ণ রোগমুক্ত কি না, তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হওয়ার পর মহিষটিকে কীভাবে এবং কোন ধরনের গবেষণায় ব্যবহার করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
উল্লেখ্য, গত কোরবানির ঈদের আগে মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জিয়া উদ্দিন মৃধার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ ব্যাপক আলোচনায় আসে। মহিষটির মাথার উপরের ‘অসাধারণ চুল’ বা পশমের ধরনের সঙ্গে মিল রেখে জিয়া উদ্দিনের ভাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে এর নাম রেখেছিলেন। এরপর থেকেই মহিষটি দেশজুড়ে পরিচিতি পায়।
মানবকণ্ঠ/ডিআর




Comments