Image description

১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। রিটে আইন সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে আইনটির সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং এ বিষয়ে একটি রুল জারির আবেদন জানানো হয়েছে। আবেদনে বিবাদীদের কাছে জানতে চাওয়া হয়েছে—কেন সরকারকে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন বাতিল বা রহিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে না।

আবেদনকারী পক্ষের যুক্তি হলো, এই বিশেষ আইনটি যে উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছিল, তা ইতোমধ্যেই পূরণ হয়েছে। বর্তমানে আইনটি বহাল থাকলে ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এর অপব্যবহার ও অপপ্রয়োগের আশঙ্কা রয়েছে। এই সম্ভাব্য অপব্যবহার রোধে আইনটি রহিত করা এখন সময়ের দাবি।

এ ছাড়া রিটে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনটি বর্তমান সংবিধানের অনেক মৌলিক ধারার সঙ্গে সাংঘর্ষিক। তাই আইনটিকে অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করে তা বাতিল করার নির্দেশনা চাওয়া হয়েছে হাইকোর্টের কাছে।

মানবকণ্ঠ/ডিআর