অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন আবেদন ও মঞ্জুরির ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (ওপিটিএমএস) চালু করেছে সরকার। জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ বুধবার (২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
প্রতিমন্ত্রী বলেন, “ওপিটিএমএস ব্যবস্থা চালু হওয়ার ফলে পেনশনভোগীরা এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে আবেদন জমা দিতে পারবেন। এর মাধ্যমে আবেদনের সর্বশেষ অগ্রগতি ঘরে বসেই অনুসরণ করা সম্ভব হবে। ফলে সময় বাঁচবে এবং অপ্রয়োজনীয় অফিস যাতায়াতের হয়রানি কমবে। পাশাপাশি এই সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।”
তিনি আরও উল্লেখ করেন যে, সরকারি অফিসে না গিয়ে অনলাইনে সেবা পাওয়ার এই ব্যবস্থা দুর্নীতি কমানোর ক্ষেত্রে একটি কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করবে। এর মাধ্যমে দ্রুত সময়ে পেনশন প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শতভাগ পেনশন সমর্পণকারী পেনশনভোগীদের পরিবার নিয়েও কথা বলেন। তিনি বলেন, বর্তমানে বিদ্যমান বিধান অনুযায়ী, ১৫ বছরের পুনঃস্থাপন মেয়াদ শেষ হওয়ার আগে কোনো পেনশনভোগীর মৃত্যু হলে তার পরিবার ওই সুবিধা পায় না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি ন্যায্যতা নিশ্চিত করতে এই নীতিটি পুনর্বিবেচনা করার সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং হিসাব মহানিয়ন্ত্রক এস এম রেজভী।
মানবকণ্ঠ/ডিআর




Comments