প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তবে বর্তমান সরকারের আমলে দেশবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিরোধীদলের সমালোচনার জবাবে রুহুল কবির রিজভী বলেন, “একটি পক্ষ বর্তমান সরকারের বিরুদ্ধে নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে। অথচ তাদের নিজেদের অতীত ও বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার চরম প্রতিফলন দেখা যায়।”
প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের বিদ্যমান বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব হবে। বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
রিজভী আরও জোর দিয়ে বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় না রাখা।
গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আত্মনির্ভরশীল ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments