Image description

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া মনে করেন, দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি পুরোপুরি ইতিবাচক নয়। প্রায় দুই দশকের অভিনয়জীবনের অভিজ্ঞতা থেকে তিনি এ মন্তব্য করেছেন।

বর্তমানে নিজের নতুন সিনেমা ‘বিবান: ফোর্স অব দ্য ফরেস্ট’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন তামান্না। দীপক মিশ্র পরিচালিত এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, মনীশ পাল, সুনীল গ্রোভার ও শ্বেতা তিওয়ারি। আগামী ২৬ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রি সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তামান্না বলেন, সেখানে একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি কাজ করে, যা কিছুটা পুরুষতান্ত্রিক। তার মতে, এই মানসিকতা নারীদের প্রতি খুব বেশি ইতিবাচক বা প্রশংসাসূচক নয়।

তিনি বলেন, “দক্ষিণী সিনেমায় তারকাসুলভ উপস্থিতি ও বাণিজ্যিক উপাদানকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। সংগীতনির্ভর ও বিনোদনকেন্দ্রিক এই ধারার সিনেমাগুলো দর্শকদের কাছে জনপ্রিয় হলেও অনেক সময় সৃজনশীলতার পরিসর সীমিত হয়ে পড়ে।”

তামান্নার মতে, নারীদের উপস্থাপনার ক্ষেত্রে বলিউড তুলনামূলকভাবে এগিয়ে। তিনি বলেন, হিন্দি চলচ্চিত্রে অভিনয়নির্ভর ও বাণিজ্যিক—দুই ধরনের কাজেরই সুযোগ রয়েছে। কেউ শিল্পঘেঁষা চরিত্রে স্বাচ্ছন্দ্যবোধ করেন, আবার কেউ গ্ল্যামার, নাচ ও গানের অংশেও সমান দক্ষতা দেখান।

তিনি আরও বলেন, যারা অভিনয় ও বাণিজ্যিক—উভয় ধারার কাজেই নিজেদের প্রমাণ করতে পারেন, তারাই শেষ পর্যন্ত সুপারস্টার হয়ে ওঠেন।

তবে নিজের মন্তব্যকে ব্যক্তিগত অভিজ্ঞতা হিসেবেই দেখার আহ্বান জানিয়েছেন তামান্না। তার ভাষায়, “এগুলো আমার নিজস্ব পর্যবেক্ষণ। অন্যদের অভিজ্ঞতা ভিন্ন হতে পারে।”

অভিনেত্রীর মতে, যেসব অভিনেত্রী ১০ থেকে ১৫ বছর বা তারও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে সফলভাবে টিকে আছেন, তারা অভিনয়নির্ভর চরিত্রের পাশাপাশি নাচ-গান ও বাণিজ্যিক ধারার চলচ্চিত্রেও সমান দক্ষতা দেখিয়েছেন। তাদের বহুমাত্রিক প্রতিভাই দীর্ঘ ক্যারিয়ারের অন্যতম ভিত্তি।