Image description

অভিনেতা থেকে রাজনীতিতে এসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়া বিজয় এবার নবজাতকদের জন্য এক ব্যতিক্রমী কল্যাণমূলক কর্মসূচির ঘোষণা দিয়েছেন। নতুন এ উদ্যোগের আওতায় রাজ্যের সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে উপহার হিসেবে দেওয়া হবে এক গ্রাম ওজনের স্বর্ণের আংটি।

‘থাই মামান গোল্ড রিং স্কিম’ নামে এ প্রকল্প বাস্তবায়নে বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি ব্যয় করবে তামিলনাড়ু সরকার। ইতোমধ্যে কর্মসূচিটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দরপত্র প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিজয়।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, ২০২৬ সালের ২২ জুন বা তার পর থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব নবজাতক এই সুবিধার আওতায় আসবে। উল্লেখ্য, ২২ জুনই মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন। তবে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৫ সেপ্টেম্বর, তামিল নেতা পেরারিগনার আন্নার জন্মবার্ষিকীতে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, তামিল সংস্কৃতিতে ‘থাই মামান সীর’ নামে একটি ঐতিহ্য রয়েছে, যেখানে নবজাতককে তার মামা উপহার ও আশীর্বাদ দিয়ে বরণ করে নেন। সেই সাংস্কৃতিক ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত হয়ে সরকার প্রতীকীভাবে ‘মামা’র ভূমিকা পালন করবে এবং প্রতিটি নবজাতককে স্বর্ণের আংটি উপহার দেবে।

সরকারের ভাষ্য, এই উদ্যোগ শুধু নবজাতক ও তাদের পরিবারের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসার প্রতীকই নয়, বরং তামিল সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য সংরক্ষণ ও তুলে ধরারও একটি প্রচেষ্টা।

উল্লেখ্য, ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ ছিল বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্ত্রি কাজাগম (টিভিকে)-এর নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর অন্যতম। এছাড়া সরকারের ‘ভেত্রি তামিলাগাম ভিশন ডকুমেন্ট’-এও এই কর্মসূচির উল্লেখ ছিল।

তামিলনাড়ুতে রাজনৈতিক নেতাদের জন্মদিন উপলক্ষে বিভিন্ন দলের উদ্যোগে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের মধ্যে স্বর্ণের আংটি বিতরণের নজির আগে থেকেই রয়েছে। তবে এবারই প্রথম কোনো রাজ্য সরকার এটিকে আনুষ্ঠানিক কল্যাণমূলক প্রকল্প হিসেবে বাস্তবায়ন করতে যাচ্ছে।