Image description

শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়া, এরপর ঘুরে দাঁড়িয়ে শক্তিশালী জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। প্রত্যাবর্তনের এক মহাকাব্য লিখে জার্মানদের ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে তারা। দলের এমন অবিস্মরণীয় সাফল্যে উচ্ছ্বসিত হয়ে ইকুয়েডরের প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া দেশটিতে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছেন।

নিউ জার্সি স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ‘ই’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের মাত্র ২ মিনিটেই লেরয় সানের গোলে লিড নিয়ে ইকুয়েডরকে চেপে ধরেছিল জার্মানি। তবে দমে যায়নি ইকুয়েডর; ম্যাচের ৯ মিনিটেই নিলসন আঙ্গুলোর গোলে সমতায় ফেরে তারা। এরপর দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণের পর ম্যাচের ৭৭ মিনিটে গনজালো প্লাতা জয়সূচক গোলটি করে ইকুয়েডরকে উল্লাসে ভাসান।

এই জয়ের মাধ্যমে ২০০৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল ইকুয়েডর। অন্যদিকে, শক্তিশালী জার্মানি ২০০৬ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল, তবে শেষ পর্যন্ত গোল ব্যবধান ও পয়েন্টের সমীকরণে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের রাউন্ডে উঠেছে।

দলের এই অনন্য অর্জনে খেলোয়াড় ও কোচিং স্টাফকে প্রশংসায় ভাসিয়ে প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া সামাজিক যোগাযোগমাধ্যমে শুক্রবার সরকারি ছুটির ঘোষণা দিয়ে লেখেন, “খেলোয়াড় এবং কোচকে ধন্যবাদ, যারা সব সমালোচনা ও কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়ার পরেও ঘুরে দাঁড়াতে পেরেছেন এবং পুরো দেশে এই বিশাল আনন্দ বয়ে এনেছেন। আগামীকাল ছুটি! দীর্ঘজীবী হোক ইকুয়েডর।”

গ্রুপ ‘ই’-র সমীকরণ অনুযায়ী, ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। সমান ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে রানার্সআপ হয়ে নকআউটে উঠেছে আইভরি কোস্ট। আর ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে অন্যতম সেরা তৃতীয় দল হিসেবে শেষ ১৬-র টিকিট নিশ্চিত করেছে ইকুয়েডর।

মানবকণ্ঠ/ডিআর