Image description

২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বে এক নতুনত্বের পসরা সাজিয়ে বসেছে। ৪৮ দলের এই মেগা টুর্নামেন্টে রেফারিং থেকে শুরু করে নকআউট পর্বের বিন্যাস—সবকিছুতেই রয়েছে বড় পরিবর্তন। সাধারণত বড় টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়নরা অন্য গ্রুপের রানার্সআপদের মুখোমুখি হয়। তবে এবারের ফরম্যাটে অনেক গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে সেরা তৃতীয় হওয়া দলগুলোর বিপক্ষে। কিন্তু ব্রাজিল ও আর্জেন্টিনার ক্ষেত্রে সমীকরণটি ভিন্ন।

নতুন ফরম্যাট অনুযায়ী, ১২টি গ্রুপের মধ্যে আটটি গ্রুপের (এ, বি, ডি, ই, জি, আই, কে এবং এল) চ্যাম্পিয়নরা দ্বিতীয় রাউন্ডে মোকাবিলা করবে সেরা আটটি তৃতীয় স্থানধারী দলকে। অন্যদিকে, সি, এফ, এইচ এবং জে গ্রুপের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হবে অন্য গ্রুপের রানার্সআপ দল।

ব্রাজিল ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় তাদের দ্বিতীয় রাউন্ডের প্রতিপক্ষ হয়েছে ‘এফ’ গ্রুপের রানার্সআপ জাপান। অন্যদিকে, ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা খেলবে ‘এইচ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে।

অনেকেই প্রশ্ন করতে পারেন, কেন ব্রাজিল বা আর্জেন্টিনা সেরা তৃতীয় দলের বিপক্ষে খেলার সুবিধা পেল না? এর উত্তরে ফিফা জানিয়েছে, নকআউট পর্বের ‘প্রতিযোগিতার ভারসাম্য’ বজায় রাখতেই এই নির্দিষ্ট কাঠামো তৈরি করা হয়েছে।

ব্রাজিল বা আর্জেন্টিনার মতো দলগুলো দ্বিতীয় রাউন্ডে রানার্সআপ দলের মুখোমুখি হলেও, তারা এমন একটি ব্র্যাকেটে রয়েছে যাতে নকআউট পর্বের শুরুতেই তাদের অন্য কোনো গ্রুপ চ্যাম্পিয়নের মুখোমুখি হতে না হয়। যেমন—ব্রাজিল যদি জাপানকে হারায়, তবে শেষ ১৬-তে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হবে গ্রুপ ‘ই’ বা গ্রুপ ‘আই’-এর রানার্সআপের মধ্যে বিজয়ী দল। অর্থাৎ, বড় দলগুলোর জন্য শুরুর দিকে পথ কিছুটা সুগম রাখতেই এই পরিকল্পনা।

এবারের বিশ্বকাপে ১২টি গ্রুপের মধ্যে কেবল সেরা আটটি তৃতীয় স্থানধারী দল নকআউটে উঠবে। ড্রয়ের ভারসাম্য বজায় রাখা এবং একই গ্রুপের দুই দলকে দ্রুত পুনরায় মুখোমুখি হওয়া থেকে বিরত রাখতেই এই জটিল নকআউট সূচি তৈরি করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

মেক্সিকোর মতো দল যারা ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে, তারা দ্বিতীয় রাউন্ডে সেরা তৃতীয় হওয়া দলের বিপক্ষে খেললেও পরবর্তী রাউন্ডে তারা বড় কোনো গ্রুপ চ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার ঝুঁকিতে থাকবে। মূলত টুর্নামেন্টকে আরও সুশৃঙ্খল এবং শেষ পর্যন্ত আকর্ষণীয় রাখতে ফিফা এই বৈচিত্র্যময় নিয়ম প্রবর্তন করেছে।

মানবকণ্ঠ/ডিআর