Image description

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫৮৯ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ হাজার ৯৮০ জন। শুক্রবার (২৬ জুন) দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এ তথ্য জানিয়েছেন।

ভূমিকম্পের পর ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। দুর্যোগ-পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার ‘গোল্ডেন উইন্ডো’র মধ্যে জীবিতদের খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে ধ্বংসস্তূপ সরানোর কাজ যত এগোচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাষ্ট্রীয় টেলিভিশন ভিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেলসি রদ্রিগেজ বলেন, “মানুষের জীবন বাঁচাতে আমরা এক মুহূর্তও বিশ্রাম নিইনি।” তিনি আন্তর্জাতিক সহায়তা এবং বিদেশি উদ্ধারকারী দলের দ্রুত সহযোগিতারও প্রশংসা করেন।

তিনি জানান, উদ্ধার অভিযানে ইতোমধ্যে বহু মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভিটিভির খবরে বলা হয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্যে উদ্ধার তৎপরতা আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য রাজধানী কারাকাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের জরুরি মজুতকেন্দ্র স্থাপন করেছে সরকার।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।