চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ ভবন সিটিক টাওয়ারে একটি ছোট বিমান আঘাত হেনেছে। এ ঘটনায় ভবনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে দ্রুত সেখানে অবস্থানরত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। শুক্রবার (২৬ জুন) সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া বিমানে কতজন আরোহী ছিলেন, এটি কোথা থেকে উড়ে এসেছিল এবং কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়েও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ৫২৮ মিটার উঁচু ভবনটির ওপরের দিকের একটি তলায় বিমানটি আঘাত হানে। সংঘর্ষের পর ভবনের অংশ ও বিমানের ধ্বংসাবশেষ নিচের রাস্তা ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর দ্রুত ভবনটি খালি করে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এক প্রত্যক্ষদর্শী নারী জানান, সন্ধ্যা ৬টার দিকে তাকে জরুরি ভিত্তিতে ভবন থেকে বের করে দেওয়া হয়। তিনি বলেন, “আমি পরিচয়পত্র কিংবা ব্যাগ নেওয়ারও সময় পাইনি। দৌড়ে বাইরে বেরিয়ে এসেছি।”
ঘটনার পর পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে দেয়। ভবনের চারপাশে বিপুলসংখ্যক পুলিশ ও কয়েকটি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।
অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিমানটির নিবন্ধন নম্বর বি-১২পিপি। ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, এটি স্টারএয়ার এয়ারক্রাফট কোম্পানির তৈরি সানওয়ার্ড এসএ৬০এল অরোরা মডেলের দুই আসনের একটি হালকা বিমান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, স্থানীয় একটি ব্যক্তিগত পাইলট প্রশিক্ষণ ও আকাশভ্রমণ সেবাদানকারী প্রতিষ্ঠান বিমানটি পরিচালনা করছিল। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, বেইজিংয়ে যেকোনো ধরনের হালকা বিমান উড্ডয়নের জন্য চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের অনুমোদন প্রয়োজন। গত মাসে শহরটিতে সাধারণ বিনোদনমূলক বিমান ও ড্রোন উড্ডয়নের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফলে বর্তমানে যেকোনো উড্ডয়নের আগে সরকার ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের বাধ্যতামূলক অনুমতি নিতে হয়।
২০১৮ সালে নির্মিত সিটিক টাওয়ার চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চায়না ইন্টারন্যাশনাল ট্রাস্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন (সিআইটিআইসি)-এর সদর দপ্তর এবং এটি বর্তমানে বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবন।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট




Comments