Image description

ময়মনসিংহের মুক্তাগাছায় ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মসজিদের ইমাম মো. আব্দুল্লাহকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, ধর্ষণের ফলে ওই ছাত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত বৃহস্পতিবার গভীর রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের পার্শ্ববর্তী একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

এর আগে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে গত ৫ জুন মুক্তাগাছা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লাহ ভুক্তভোগী ছাত্রীর ফুফাতো ভাইয়ের সহপাঠী। সেই সুবাদে সে ওই ছাত্রীর বাড়িতে লজিং থাকতেন এবং স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন। ছাত্রীর বাবা-মা দুজনেই ঢাকায় গার্মেন্টসে চাকরি করায় কিশোরী বাড়িতে তার দাদির সঙ্গে থাকত।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ২২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহ ওই ছাত্রীর পড়ার কক্ষে প্রবেশ করেন। সেখানে কিশোরীর মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করা হয়। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয় আব্দুল্লাহ। ভয়ে কিশোরীটি তখন বিষয়টি পরিবারের কাউকেই জানায়নি। 

সম্প্রতি ওই কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে দাদির সন্দেহ হলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, কিশোরীটি বর্তমানে ২৭ সপ্তাহের (প্রায় সাত মাস) অন্তঃসত্ত্বা। পরে পরিবারের জিজ্ঞাসাবাদের মুখে সে ঘটনাটি জানায়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, মামলার পর থেকেই আসামি পলাতক ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও সে বারবার অবস্থান পরিবর্তন করছিল। সর্বশেষ গত বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর আজ শুক্রবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘটনার সত্যতা যাচাই-বাছাই ও প্রয়োজনীয় আলামত সংগ্রহের লক্ষ্যে ডিএনএ পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়েছে।