চলমান ফুটবল বিশ্বকাপের প্রধান আয়োজক যুক্তরাষ্ট্র এবার ২০৩৮ সালের বিশ্বকাপ এককভাবে আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে। বর্তমানে মেক্সিকো ও কানাডার সঙ্গে যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করলেও মোট ১০৪টি ম্যাচের মধ্যে ৭৮টিই অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে।
হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিলিয়ানো জানিয়েছেন, ভবিষ্যতে ২০৩৮ সালের বিশ্বকাপ এককভাবে আয়োজনের বিষয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে।
ফিফা ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করেছে। এছাড়া ভবিষ্যতে বিশ্বকাপে ৬৪ দল অংশ নেওয়ার সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে গিলিয়ানো বলেন, ‘ভবিষ্যতে বিশ্বকাপে ৬৪টি দল অংশ নিলেও সেটি সফলভাবে আয়োজন করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।’
তবে তিনি আরও বলেন, ‘২০৩৮ সালের বিড নিয়ে আলোচনা শুরুর আগে আমাদের লক্ষ্য চলমান বিশ্বকাপ সফলভাবে শেষ করা।’
এরই মধ্যে ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশ চূড়ান্ত হয়েছে। ২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে বিশ্বকাপের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে। অন্যদিকে ২০৩৪ সালের বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব।
গিলিয়ানোর মতে, যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন বাণিজ্যিকভাবেও লাভজনক হবে। তিনি বলেন, দেশটির অধিকাংশ স্টেডিয়াম ও অবকাঠামো আগে থেকেই প্রস্তুত থাকায় নতুন করে বিপুল অর্থ ব্যয়ের প্রয়োজন হয় না। যেখানে অনেক দেশকে বিশ্বকাপ আয়োজনের জন্য বিশাল অঙ্কের বিনিয়োগ করতে হয়, সেখানে যুক্তরাষ্ট্র তুলনামূলক কম খরচেই টুর্নামেন্ট আয়োজন করতে সক্ষম।




Comments