বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন ও ব্যবসায়ী কবির বাহিয়ার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে। যদিও দুজনের কেউই তাদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে বিভিন্ন সময় একসঙ্গে দেখা যাওয়ায় তাদের প্রেমের আলোচনা প্রায়ই শিরোনামে এসেছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে কবির বাহিয়ার সঙ্গে এক তরুণীর একটি ছবি ভাইরাল হওয়ার পর নতুন করে শুরু হয় কৃতি-কবিরের বিচ্ছেদের গুঞ্জন। রেডিটে প্রথম ছড়িয়ে পড়া ছবিটি পরে বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হলে নেটিজেনদের একাংশ দাবি করেন, কৃতি ও কবিরের সম্পর্ক ভেঙে গেছে।
তবে এ ধরনের দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন কবির বাহিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে ওই সূত্র জানায়, ভাইরাল হওয়া ছবিটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। ছবিতে থাকা তরুণী কবিরের দীর্ঘদিনের পারিবারিক বন্ধু। তাকে তিনি নিজের বোনের মতোই মনে করেন।
সূত্রটি আরও জানায়, সামাজিক মাধ্যমে ছবিটি ঘিরে যেভাবে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যাচাই-বাছাই ছাড়াই অনেকেই দ্রুত সিদ্ধান্তে পৌঁছে ভুয়া গল্প ছড়িয়ে দিচ্ছেন।
গত এক বছরে কৃতি ও কবিরকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। কৃতির জন্মদিন উপলক্ষে তারা গ্রিসে ছুটি কাটিয়েছেন। এছাড়া কৃতির বোন নুপুর শ্যাননের বিয়ের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন কবির বাহিয়া।
পারিবারিক অনুষ্ঠান, ডিনার ডেট এবং ব্যক্তিগত বিভিন্ন আয়োজনে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়। তবে এখন পর্যন্ত কৃতি শ্যানন কিংবা কবির বাহিয়া—কেউই তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
এদিকে কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন কৃতি শ্যানন। তার নতুন সিনেমা ‘ককটেল ২’ বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে।
হোমি আদাজানিয়া পরিচালিত এ ছবিতে কৃতির সঙ্গে অভিনয় করেছেন শহিদ কাপুর ও রাশমিকা মান্দানা। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র ‘ককটেল’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ছবিটি।
সূত্র: এনডিটিভি।




Comments