বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের পর চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচন হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
অ্যাটর্নি জেনারেল বলেন, "আদালতের রায়ের ফলে এই আসনে বিজয়ী প্রার্থীর প্রার্থিতা অবৈধ ঘোষিত হয়েছে। এর ফলে চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ওই এলাকার ভোটাররা পুনরায় তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে পারেন।"
এর আগে আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ ঋণখেলাপির দায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন। এই রায়ের ফলে তিনি আর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না এবং তার পক্ষে ঘোষিত বেসরকারি ফলাফলও বাতিল হয়ে গেল।
মামলার প্রেক্ষাপট অনুযায়ী, সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। হাইকোর্টও সেই সিদ্ধান্ত বহাল রেখেছিলেন। তবে একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী ঋণখেলাপির অভিযোগ এনে লিভ টু আপিল করেন। সেই আবেদনের প্রেক্ষিতে গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ এক আদেশে জানিয়েছিলেন, আসলাম চৌধুরী জয়ী হলেও চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে। আজ চূড়ান্ত রায়ে তার প্রার্থিতা বাতিল করা হলো।
আইনজীবীদের মতে, যেহেতু বিজয়ী প্রার্থীর প্রার্থিতা শুরু থেকেই অবৈধ ছিল বলে প্রমাণিত হয়েছে, তাই নির্বাচন কমিশন এখন এই আসনে পুনরায় ভোটগ্রহণের ব্যবস্থা নেবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments