ফুটবল বিশ্বকাপে লাল-সবুজের দল না থাকলেও দর্শক হিসেবে পুরো বিশ্বের নজর কেড়েছে বাংলাদেশ। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতি এদেশের মানুষের আকাশচুম্বী আবেগ এখন আন্তর্জাতিক ফুটবল তারকাদের মুখে মুখে। আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজের পর এবার বাংলাদেশি সমর্থকদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন ব্রাজিলের তারকা গোলরক্ষক আলিসন বেকার।
২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর মিক্সড জোনে এক বাংলাদেশি সাংবাদিকের মুখোমুখি হন আলিসন। সাংবাদিকের পরিচয় শুনেই চওড়া হাসি দিয়ে আলিসন বলে ওঠেন, ‘নাইচ, বাংলাদেশ!’ এরপর তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের সমর্থকদের বিশ্বকাপ উন্মাদনার অসংখ্য ভিডিও তিনি দেখেছেন।
বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে আলিসন বলেন, ‘আমাদের সমর্থনের জন্য অনেক ধন্যবাদ বাংলাদেশ। আমি বেশ কিছু ভিডিও দেখেছি আপনাদের উদযাপনের। আমি বাংলাদেশের সব মানুষকে ধন্যবাদ জানাতে চাই। ব্রাজিলিয়ানরা বাংলাদেশকে ভালোবাসে। আমাদের প্রতি এত ভালোবাসা দেখানোর জন্য আপনাদের ওপর ঈশ্বর মঙ্গল করুক।’
জাপানের বিপক্ষে এই ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে বড় ধরনের শঙ্কায় পড়েছিল সেলেসাওরা। তবে বিরতির পর কাসেমিরোর সমতাসূচক গোল এবং শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোল ব্রাজিলকে উল্লাসে ভাসায়। ম্যাচ শেষে সেরা খেলোয়াড় হয়ে আসা কাসেমিরোও বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানান।
হিউস্টনের মাঠে যখন মার্তিনেল্লি গোল করছেন, বাংলাদেশে তখন গভীর রাত। কিন্তু সেই মধ্যরাতেও ঢাকা ও চট্টগ্রামের রাজপথে প্রিয় দলের জয়ে বিশাল মিছিল ও উল্লাস করতে দেখা যায় হাজারো সমর্থককে। বড় পর্দায় খেলা দেখার সেই উন্মাদনার খবর এখন পৌঁছে গেছে খোদ ব্রাজিলিয়ান ড্রেসিংরুমেও। এর আগে আর্জেন্টিনার জর্ডান ম্যাচের পর দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও একইভাবে বাংলাদেশের প্রতি তার বিশেষ ভালোবাসার কথা জানিয়েছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments