Image description

জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ১ টাকায় নামিয়ে আনার ছাঁটাই প্রস্তাব করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। মঙ্গলবার (৩০ জুন) সংসদে মঞ্জুরি দাবি পাসের সময় এই অভাবনীয় প্রস্তাবের প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, এমনটি করা হলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের লাল-সবুজের পতাকা নামিয়ে ফেলতে হবে।

সংসদ অধিবেশনে বাজেট প্রস্তাবের ওপর বিরোধী দলের সংসদ সদস্যদের ছাঁটাই প্রস্তাবের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ছাঁটাই প্রস্তাব অনুযায়ী যদি আমাদের বাজেট ১ টাকায় নামিয়ে আনা হয়, তবে বিশ্বের বিভিন্ন দেশে থাকা আমাদের দূতাবাসগুলো বন্ধ করে দিতে হবে। এর ফলে বিদেশের মাটিতে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকা নামিয়ে ফেলতে হবে এবং প্রবাসীদের দেওয়া সব সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।’

মন্ত্রী আরও সতর্ক করে বলেন, ‘বাজেট সংকুচিত করলে আমরা জাতিসংঘের বাৎসরিক চাঁদা পরিশোধ করতে পারবো না। যার ফলে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের সদস্যপদ স্থগিত হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।’

বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে কূটনীতির গুরুত্ব তুলে ধরে খলিলুর রহমান বলেন, ‘জটিল বিশ্বব্যবস্থায় একটি রাষ্ট্রের নিরাপত্তা ও উন্নয়ন তার দূরদর্শী কূটনৈতিক তৎপরতার ওপর নির্ভর করে। আমাদের কূটনীতির মূল লক্ষ্যই হচ্ছে—‘সবার আগে বাংলাদেশ’। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর এর সফল উদাহরণ।’ তিনি সংসদকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে।

পরে বিরোধী দলের ছাঁটাই প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবি অনুমোদিত হয়।

মানবকণ্ঠ/ডিআর